শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২ পিএম
দরিদ্র রিকশা চালকের মেয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহযোগিতার ২০ হাজার টাকার চেক মেধাবী শিক্ষার্থী চাঁদনীর হাতে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, চাঁদনীর বাবা-মা, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার ও হিরু খন্দকার।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনীর মেধার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দারিদ্র্যতার মাঝে নানা প্রতিকূলতাকে জয় করে তার ফরিদপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্তির খবরে আমি আনন্দিত। তার এই সাফল্য সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
চাঁদনী খাতুন বলেন, ‘সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আজ আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। তার অনুপ্রেরণায় আমার লেখাপড়ার আগ্রহ অনেক বেড়ে গেছে। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করব ইনশাআল্লাহ।’
গত ১ ফেব্রুয়ারি বেশ কয়েকটি জাতীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিকশাচালকের মেয়ের মেডিকেলে চান্স প্রাপ্তি’ বিষয়ক সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশাচালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদটি দেখে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন চাঁদনীর লেখাপড়ার সহযোগিতায় এগিয়ে আসেন। গত ৩ ফেব্রুয়ারি ‘পারি ফাউন্ডেশন’র পক্ষ থেকে দপ্তর সম্পাদক সাজিদ মুন চাঁদনী খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তাকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি তার মেডিকেলে লেখাপড়ার সকল দায়িত্ব বহনের কথা জানান।