গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ পিএম
নিখোঁজ বিপুল মন্ডলের স্বজনদের আহাজারি। প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ ধরতে গিয়ে বিপুল মন্ডল নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে চারপাটা জাল টানিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
বিপুল মন্ডল ওই ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মৃত মতিলাল মন্ডলের ছেলে। তাকে উদ্ধারে গতকাল দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস খালে তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করে।
নিখোঁজ বিপুলের চাচা নরেন মন্ডল জানায়, শনিবার সন্ধ্যার পর নৌকা নিয়ে বিপুল গচাপাড়া গ্রাম সংলগ্ন খালের স্লুইসগেটের পাশে চরপাটা জাল টানাতে যায়। শেষ রাতে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করা হয়। পরদিন সকালে ওই স্থান থেকে কিলোমিটার দূরে ভূয়ারপাড় এলাকায় বিপুলের নৌকায় তার ভেজা কাপড়, বন্ধ মোবাইল সেট ও টর্চলাইট দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে খালের ওই স্থানে চরপাটা জাল টানানো দেখতে পাই। ধারণা করা হচ্ছে, বিপুল অসুস্থ হয়ে পানিতে পড়ে যেতে পারে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রবিবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরির সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় স্থগিত করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিপুল অসুস্থ ছিলেন। রাতে হয়তো তিনি নৌকা থেকে পড়ে যেতে পারেন।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।