খুলনা অফিস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুর খালেক। এর আগে আরও তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ, খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা-১৬-৩১ নম্বর ওয়ার্ড) আসনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-১-১৫ নম্বর ওয়ার্ড, আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) আসনে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা-৪ এ (রূপসা-দিঘালিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ এ (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
এর ফলে খুলনার ছয়টি আসনের সবকটিতে প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী। এছাড়া জামায়াতে ইসলামী সাতক্ষীরার চারটি ও বাগেরহাটের চারটি আসনসহ মোট ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
সমাবেশে প্রধান বক্তা মুহাদ্দিস আব্দুর খালেক বলেন, ‘বহু রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা আজ নানা ষড়যন্ত্রের মুখে। ছাত্র-জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব সৃষ্টি হয়েছে, সেটাকে ব্যাহত করার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কাজের পাশাপাশি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের দাওয়াত জনগণের কাছে পৌঁছানো, যোগ্যতা অর্জন এবং সংগঠনের ভারসাম্য রক্ষা করাই এখন প্রধান কাজ।’
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।
খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা ও নেতাদের বক্তব্যে রাজনৈতিক পরিবেশে তাদের অবস্থান আরও সুস্পষ্ট হলো।