ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ পিএম
ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামে গভীর রাতে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরি। প্রবা ফটো
ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামে গভীর রাতে পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে দুই নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে একজন হলেন হাজেরা বিবি (৩২) এবং অপরজন শাহনাজ বেগম (৪২)।
এ ঘটনায় পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা কঙ্কাল ফেরত পেয়ে পুনরায় সমাহিত করতে চান এবং পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মধ্য জয়নগর গ্রামের মুকুল ও মীর বাড়ির পারিবারিক কবরস্থানে পাঁচটি কবর খুঁড়ে। এর মধ্যে হাজেরা বিবি ও শাহনাজ বেগমের কঙ্কাল চুরি করা হয়।
হাজেরা বিবির মা মনোয়ারা বেগম জানান, তার মেয়ে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর নয় মাস আগে মারা যান। বাবার কবরের পাশে মেয়েকে দাফন করা হয়েছিল। গভীর রাতে তার কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাওয়া হয়, যা মেনে নিতে পারছেন না তিনি। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঙ্কাল ফেরত পেতে পুলিশের সহায়তা চান। হাজেরা বিবির আট বছরের ছেলে জিসানও মায়ের কঙ্কাল ফেরত চায়।
শাহনাজ বেগমের ভাসুরের ছেলে রিয়াজ হোসেন জানান, তার চাচি দীর্ঘ অসুস্থতার পর এক বছর আগে মারা যান এবং গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কঙ্কাল চুরির ঘটনায় তারা হতভম্ব এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়াও, একই কবরস্থানে আবুল খায়ের, লতিফ হাওলাদার ও সাবিয়া খাতুনের কবরও খোঁড়া হয়, তবে তাদের কঙ্কাল চুরি হয়নি। আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামীর কবর খুঁড়ে লাশ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তবে দুর্বৃত্তরা সফল হয়নি। সকালে বিষয়টি টের পেয়ে কবর পুনরায় মাটি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী কবরস্থানে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘একজন মৃত মানুষের কবর থেকে কঙ্কাল চুরি করা অত্যন্ত ঘৃণিত কাজ। যারা এই কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।