খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম
শনিবার সন্ধ্যার দিকে মোহনপুর রাবার ড্যাম এলাকায় শেখ মুজিবের ম্যুরালে ভাঙচুর। প্রবা ফটো
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চিরিরবন্দর সরকারি কলেজের সভাপতিকে মরধরও করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোহনপুর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দর ও সদর উপজেলার প্রবেশদ্বারে শেখ মুজিবুর রহমানের বড় দুইটি ম্যুরাল বানিয়ে রেখেছিল স্বৈরাচার সরকারের সাবেক হুইপ ইকবালুর রহিম। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর ও সদর উপজেলার বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করে। এ সময় গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চিরিরবন্দর সরকারি কলেজের সভাপতি সাকিল ও যুবলীগের দুই সদস্য। বিক্ষুব্ধ জনতা যুবলীগ সভাপতির গাড়ি ভাঙচুর ও সাকিলসহ যুবলীগের উপস্থিত ওই সদস্যদের মারধর করেছে।
ওসি আব্দুল ওদুদ বলেন, ‘শনিবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের নেতারা সেখান থেকে পালিয়েছেন।’