রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭ পিএম
গোদাগাড়ী মডেল থানা। ছবি : সংগৃহীত
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির কর্মী সমাবেশে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালসহ তার অনুসারীরা। তাদের অভিযোগ- রাজশাহী-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দীনের অনুসারীরা এ হামলা করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কর্মী সমাবেশে যাওয়ার সময় এ হামলার
ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত
করেছেন।
ভুক্তভোগী আবদুস সালাম শাওয়াল বলেন, ‘শনিবার বিকালে
তিনি বাড়ি থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিপ্লব
ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারে সমাবেশে যাচ্ছিলেন।
তারা বারো মাইল এলাকায় পৌঁছালে লোক লাঠি ও রড নিয়ে ১০ থেকে ১৫ জন হামলা করে। এ সময় তারা
গাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে আবদুস সালামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।’
তিনি অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপ্রত্যাশী
শরীফ উদ্দিন বার বার তাদের ওপর হামলা করছেন। তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ করায় হামলা
হতে পারে।’
অভিযোগের বিষয়ে শরীফ উদ্দীন বলেন, ‘আমি ঢাকায়
আছি। সবাই তো আমার গ্রুপের। কে কার ওপর হামলা করল, খোঁজ নিয়ে দেখছি।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর যারা এলাকায় আসেননি, যারা
নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নেননি, তারাই গত ৫ আগস্টের পর এলাকায় এসে আওয়ামী
লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি দখলের চেষ্টা করছেন। সন্ত্রাসীদের দিয়ে বিএনপির
ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা করছেন। বিএনপির নেতাকর্মীরা এর জবাব দিবেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, ‘হামলাটি শরীফ
গ্রুপের যুবদল নেতারা করেছে। এর আগে একাধিকবার এ ধরণের হামলা হয়েছে। বার বার হামলা
ভালো কাজ নয়।’
ওসি রুহুল আমিন বলেন, ‘বিএনপি নেতার
গাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এর আগেই হামলাকারীরা পালিয়ে গেছে।’