রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯ পিএম
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাজীগঞ্জ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি রামগতি উপজেলা রাইজিং এ সভার আয়োজন করে।
এতে জুলাই-আগস্টে নিহত শহীদ সবুজের বাবা আবদুল মালেক ও শহীদ মো. শামীমের বাবা আবদুল হাই উপস্থিত ছিলেন। এ সময় তারা সন্তান হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিক আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মিনহাজুল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক আব্দুজ জাহের আনাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পাহাড়তলী কলেজ সমন্বয়ক নাইমুল ইসলাম সৌরভ গাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট পরবর্তী ছয় মাসের মধ্যে যারা আওয়ামী লীগকে ফের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তারা জাতির সঙ্গে বেইমানি করছেন। আমরা দেখছি ফ্যাসিবাদ রেজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অভ্যুত্থান করেছি। এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সাধনের জন্য প্রয়োজনে ফের বিপ্লব করব। তারা আরও বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আলোচনা শেষে উপস্থিত স্থানীয় নাগরিকদের জন্য জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।