সিলেট অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ পিএম
সিলেটে অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা-২০২৫ আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুধীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকার নভোথিয়েটারের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নভোথিয়েটারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুল আলম বলেন, ‘বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর সৃষ্টিশীল প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যদি বিনোদনের মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করে বিজ্ঞান শেখানো যায়, তাদের উদ্বুদ্ধ করা যায়, তবে তারা ভবিষ্যতে বিজ্ঞানী হতে পারবে। তাদের মৌলিক ও নিজস্ব আবিষ্কারকে তুলে আনতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখবে।’
মতবিনিময় সভায় সমন্বয় করেন নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন। শুরুতে ২০২৪ সালের নভেম্বর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা সম্পর্কিত ভিডিও উপস্থাপন করা হয়।
নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোদাব্বির হোসেন, সিলেট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আজাদ-উর-রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সিলেটে নভোথিয়েটার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এ ছাড়া এপ্রিল মাসে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় অথবা এমসি কলেজে তিন দিনব্যাপী অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ প্রদান করেন। মেলায় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা ও বিখ্যাত বিজ্ঞানীদের আবিষ্কার ও অবদান সম্পর্কে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।