কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সময়টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। যারা অন্যায় করেছে এখন পর্যন্ত তাদের বিচারের আওতায় আনা হয়নি। আজকে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিল, তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিস্ট সরকারের যারা, যেখান থেকে ষড়যন্ত্র করুক না কেন, আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে তার প্রতিরোধ করব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ১৫ বছর ধরে আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ওয়ার্ডের কর্মীদেরও হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর জেল খেটেছি। জুলাই আন্দোলনে দেড় হাজারেরও বেশি ছাত্র মারা গেছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে কীভাবে দেশ পরিচালনা করব। সেটা দেড় বছর আগে প্রচার করেছি। যেকোনো সময় নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হোক, ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে। যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বলছি, এদেশের জনগণ এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আওয়ামী লীগ নিজেরা নিজেদের হত্যা করেছে। তারা রাস্তাঘাটে নানান ধরনের ছবি, ম্যুরাল বানিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সঙ্গে থাকা লুটপাটকারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাইÑ তাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হোক। না হলে তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করেই যাবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা করব। সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্য নেতারা।