সড়কের গাছ বিক্রির অভিযোগ
চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম
সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতাকে আটকের পর পুলিশে দেন স্থানীয়রা। প্রবা ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তার পাশের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিএনপি নেতা ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয়রা।
শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর-সাবদালপুর সড়কে গাছ কাটার ঘটনা ঘটে।
আটকরা হলেন- আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ঘোগরাগাছী গ্রামের বাসিন্দা হোসেন রহমান, পাঁকা গ্রামের কাঠ ব্যবসায়ী আবু তালেব এবং একই গ্রামের দিনমজুর মো. মোতালেব হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর-সাবদালপুর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির কিছু গাছ লাগানো আছে। তার মধ্যে ৩টি কটুই চটকা গাছ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন বিএনপি নেতা হোসেন রহমান। গাছ কেনেন কাঠ ব্যবসায়ী আবু তালেব।
শনিবার সকালে আবু তালেবসহ কয়েকজন গাছ কাটতে আসেন। কাটা শুরু করলে স্থানীয় জনতা তাদের বাধা দেন। এক পর্যায়ে তাদের আটক করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, সকালের দিকে স্থানীয়রা গাছ কাটার সময় তিনজনকে ধরে শাহপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সকালে আন্দুলবাড়িয়া ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করা হয়। খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় রানা মাহামুদ নামে একজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।