মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি এবং এইচএসসি জিপিএ-৫ পাওয়া ৫৭৭ কৃতী শিক্ষার্থী পেয়েছে মেধাবৃত্তি। এ উপলক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এসএম ফয়সল মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করেছিল দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সায়হাম গ্রুপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম ফয়সল মেধাবৃত্তি ও সংবর্ধনা কমিটির সভাপতি এসএফএম শাহজাহান। এতে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন সৈয়দ মো. ফয়সল। তিনি এসএম ফয়সল মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক। প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন অধ্যাপক ড. আল আমিন, ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ সাফকাত আহমেদ, সৈয়দ এবিএম হুমায়ুন। এ ছাড়া বক্তৃতা দেন সাংবাদিক মাহবুব আজীজ, মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, শিক্ষক সৈয়দ আছাদুজ্জামান, অধ্যক্ষ আমির হোসেন, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী, সাংবাদিক আলাউদ্দীন আলো রনি প্রমুখ।
সংবর্ধনা সভায় ২০২৩ ও ২৪ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৫৭৭ কৃতী ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।