কক্সবাজার ও পেকুয়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম
বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বৈষম্যহীন ও সাম্যের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মিলন এবং চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জন্মগতভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে, মানুষ তাদেরকে স্মরণ রাখেন যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন মানবিক পৃথিবীর জন্য অবদান রেখে গেছেন। শিক্ষকরাই জাতিকে এই শিক্ষা দিয়ে থাকেন।’
তিনি বলেন, ‘শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে বৈষম্যহীন ও সাম্যের ভিত্তিতে সুশাসনের জন্য সকলকে গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষকসহ সবার সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
এ সময় পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।