কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম
ডাকাতের গুলিতে আহত তিন জেলে। প্রবা ফটো
পটুয়াখালীর পায়রা বন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি মা নামের একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পায়রা বন্দর থেকে ৯০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত জেলেরা হলেন- জালাল শরীফ, মো. শাহ আলম, মিজানুর রহমান। তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে জালাল শরীফের ডান চোখে গুলি লেগেছে, বাকি দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জালাল শরীফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বাকি দুজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ১৩ জন জেলে মাছ ধরতে গভীর সমুদ্রে যান। শুক্রবার রাতে তীরে ফেরার পথে একদল জলদস্যু তাদের ট্রলারে গুলি চালায়। এতে ট্রলারে থাকা ৩ জেলে গুলিবিদ্ধ হন।
তিনি জানানা, বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ইলিশ, ১২টি মোবাইল, জ্বালানি তেলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন তারা।
এ বিষয়ে মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, এফবি মা নামের একটি ট্রলারে জলদস্যুদের ডাকাতির ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।