পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের সদস্য মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-১ (পিরোজপুর সদর-ইন্দুরকানী ও নাজিরপুর) আসনে মাসুদ সাঈদীকে আগেই ঘোষণা করা হয়েছিল, বৃহস্পতিবার পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনে শামীম সাঈদী ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জলিলের নাম ঘোষণা করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাযী, জামায়াতের পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া জামায়াতের আমির অধ্যক্ষ শলিফ আব্দুল জলিল, ভাণ্ডারিয়া জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন, কাউখালী জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, নেছারাবাদ জামায়াতের আমির আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।