মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৭ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪১ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট বিভাগের দায়িত্বশীলদের নিয়ে অনলাইনে আয়োজিত সমাবেশে মৌলভীবাজারের চারটি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মৌলভীবাজারের চার আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা হলেনÑ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা) আসনে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মো. আব্দুল মান্নান এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা) আসনে সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।
দলের মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মো. ইয়ামির আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক তৎপরতা শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে মৌলভীবাজার জেলার চারটি আসনসহ সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রার্থীদের ছবি পোস্ট করে দলের তৃণমূলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।