পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম
পিরোজপুরের নাজিরপুরে এক আইনজীবীর মাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। নিহতের নাম লক্ষ্মী রানী ভক্ত (৭৫)। তার ছেলে তাপস কুমার ভক্ত পিরোজপুর জজকোর্টের আইনজীবী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নাজিরপুর উপজেলার ৭নং সেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তাপস কুমার ভক্ত অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুসহ একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তারা তার মাকে হত্যা করতে পারে।
মাসুম মিনা ওই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মৃত লতিফ মিনার ছেলে। সন্তোষ হালদার সাধু মৌখালী ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া মশিউর রহমান মিঠু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মৃত মহসিন মোল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ জানান, তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। তার রস দিতে গতকাল ভোরে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণা মণ্ডল ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত লক্ষ্মী রানী ভক্তকে দেখতে পান।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।