রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম
বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর উপশহরে লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করে ক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : প্রবা
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন গুড়িয়ে দিতে গিয়ে আবারও বিফল হয়েছে ক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর উপশহরে অবস্থিত লিটনের তিনতলা বাসভবনটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু হয়। তবে বাড়িটি ভাঙতে গিয়ে বুলডোজারটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়ির দেয়ালের একটি অংশ ভেঙেই ফিরে যেতে বাধ্য হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের অন্য অনেক নেতাও গা-ঢাকা দেন। ওইদিন বিকেল থেকে পরদিন পর্যন্ত লিটনের বাড়িতে ভাঙচুর চলে। সে সময় লুটপাটের ঘটনাও ঘটে। ভবনের জানালা ও গ্রিলসহ আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। ওইদিনের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বৃহস্পতিবার রাতে বাড়িটি ভেঙে ফেলার সময় ক্ষুব্ধ জনতা অভিব্যক্তি ব্যক্ত করে জানায়, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে।
এদিকে লিটনের বাড়ি ভাঙার আগে উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দুটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।