নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪ এএম
মামুন হোসাইন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালুর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। মামুন হোসাইন ওই এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন হোসাইন। তিনি আবার ভোর পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানের সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে পড়ে আছেন। ওই সময় দুই যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট, বালু, সিমেন্ট লোড-আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।