ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৪২ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৬ এএম
সাবেক সংসদ সদস্য নাসিমের ফেনী পৌরসভার বারাহীপুরের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। প্রবা ফটো
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও ফেনী আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য নাসিমের ফেনী পৌরসভার বারাহীপুরের বাড়ি ও শহরের স্টেশন রোড এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে বুলডোজার দিয়ে এ ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার রাতে সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ ভাঙচুরের ঘোষণা দেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নাসিমের বাড়ির দিকে রওনা দেন। ওখানে ভাঙচুর চালান তারা। পরে ছাত্র-জনতা ফেনী রেলস্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে স্থানীয় জনতাও অংশ নেয়।
ছাত্রপ্রতিনিধি সোহরাব হোসেন শাকিল বলেন, ‘বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রোগ্রাম দেওয়া হয়েছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্রসমাজ ও আহত ভাইয়েরা মিলে এখানে কর্মসূচি পালন করি।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।’
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাসিমের ফেনীর বাসভবন ও স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।