প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১ পিএম
বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কালিবাড়ি রোডের বাড়িটি বুধবার রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
নিষিদ্ধ-ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে গত বুধবার রাতে শুরু হওয়া বিক্ষুব্ধ ছাত্র-জনতার ‘বুলডোজার মিছিল’-এর রেশ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত গড়িয়েছে। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি ভাঙচুর, লুট ও আগুন দেওয়ার পাশাপাশি ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ছাত্র-জনতা। এ ছাড়াও রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুনের ঘটনা ঘটেছে। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে। এ ছাড়াও আগুন দেওয়া হয় অভিনেত্রী মেহের আফরোজা শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় উত্তেজিত ছাত্র-জনতা। পাশাপাশি নাটোর, ঝালকাঠি, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, বাগেরহাট,মানিকগঞ্জ, ফেনী,খানসামা (দিনাজপুর), টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ম্যুরাল, নামফলকসহ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়।
নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর ও লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে লুটতরাজ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন জ্বলছে। শাবল, হাতুড়ি দিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙছে ছাত্র-জনতা। তারপর এসএস পাইপের ছাদের রেলিংসহ অন্যান্য জিনিসপত্র সরানো শুরু হয়। জানালা ও লোহালক্কড় যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, ট্রাকে করে ও মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি, শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়। এর আগে, গত ৫ আগস্ট বিকালে ওই বাড়ির পাঁচটি বসতঘর ও দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর মুখপাত্র ফরহাদুল ইসলাম বলেন, ৫ আগস্ট এই বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। তারপর কে বা কারা বাড়িটি সংস্কার করেছে। আমরা বুলডোজার দিয়ে বাড়িটা ভেঙে দিতে চাই। যারা স্বৈরাচারী ছিলেন তাদের সবার বাড়িঘর ভেঙে দেওয়া হবে।
ভেকু দিয়ে ভাঙল শামীম ওসমানের পৈতৃক বাড়ি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’ গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় অবস্থিত ভবনটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। সন্ধ্যার পর স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ উত্তেজিত জনতা মিশনপাড়া এলাকায় জড়ো হয়। এরপর সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া এলাকার বায়তুল আমানের সামনে আসেন। সেখানে আগে থেকেই রাখা ছিল বুলডোজার। এরপরই গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয়।
ভাঙচুর ও আগুন সাবেক মন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবন ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ রুম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে কয়েকশ লোকের একটি মিছিল শাহরিয়ার আলমের বাসভবনের সামনে আসে। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবগুলো রুমে ভাঙচুর চালানো হয়। এরপর দুপুর ১২টার দিকে বাড়িতে আগুন লাগানো হয়। এ সময় চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
তোফায়েল আহমেদের বাড়িতেও ভাঙচুর আগুন
ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের প্রিয় কুটির বাড়ি ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধরা।
খাদ্যমন্ত্রীর বাসভবন ভাঙচুর, কার্যালয়ে শৌচাগারের সাইনবোর্ড
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার বিকালে নওগাঁয় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবন, সাবেক এমপি নিজামুদ্দিন জলিল জন ও চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়াও শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বুলডোজার চালিয়ে ভাঙচুর করা হয়। ভাঙচুর করার পর সেখানে গণশৌচাগার লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় ।
সাদিক-আমুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে
গত বুধবার রাতে বরিশালের কালীবাড়ী রোডে অবস্থিত সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে একাধিকবার আঘাত করলে ভবনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও মেয়র সাদিক আবদুল্লাহর মায়ের নামে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
এরপর বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়ির মালপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও আমির হোসেন আমুর নামে ঝালকাঠিতে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
জামালপুরে ভাঙচুর ও আগুন মির্জা আজম এবং অভিনেত্রী শাওনের বাড়িতে
জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভেকু দিয়ে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুই তলা বাড়িতে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। এ ছাড়াও বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজা শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতেও আগুন দেয় ছাত্র-জনতা। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য গেলে ছাত্র-জনতা ফায়ার সার্ভিসের সদস্যদের ফিরিয়ে দেয়।
এমপি বাহারের বাড়ি ও আ.লীগ অফিসে আগুন
কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার পর এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ী এলাকার এমপি বাহারের বাড়ির তালা ভেঙে অনেকে ভেতরে ঢোকেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়।
সাবেক এমপি শিমুলের বাড়িতে আগুনের পর ডিজে পার্টি
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্র-জনতা। পরে তারা বিক্ষোভ করে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। রাত ১২টার দিকে তারা শিমুলের বাসা, আগে পোড়ানো একটি গাড়িতে ও বারান্দায় অগ্নিসংযোগ চালায়। এ ছাড়া সেখানে ডিজে গান বাজিয়ে নাচানাচি করতে দেখা যায় অনেককে।
লক্ষ্মীপুরে ৪ আ.লীগ নেতার বাড়ি ফের ভাঙচুর, আগুন
লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে ৪ আওয়ামী লীগ নেতার বাড়িতে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসাগুলো হলো লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বহুতল ভবন।
পিরোজপুরে আ. লীগের দুই নেতার বাড়ি ও তেলের পাম্পে আগুন
পিরোজপুরে বুধবার রাত ১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময়ে বিক্ষুব্ধ জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কিশোরগঞ্জ আ. লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার রাতে আওয়ামী লীগ অফিসের পরিত্যক্ত ভবনটিতে অগ্নিসংযোগ করে এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরে রাত ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে তারা।
পাবনায় ভাঙা হলো আন্দোলনে গুলি করা সাঈদ চেয়ারম্যানের বাড়ি
গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়ি ভাঙচুর করছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও।
কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু টাওয়ারের শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর
ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু শেখ মুজিব টাওয়ারের ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা টাওয়ারটি ভাঙচুর করে বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন ধরিয়ে দেয়। বৃহৎ এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে শেখ মুজিব পরিবারের ২০ টি ভাস্কর্য এবং সর্বোচ্চ ৮ তলাবিশিষ্ট উচ্চতায় শেখ মুজিবের ভাস্কর্য ছিল। ভাঙচুর করা ম্যুরালগুলো বারবাজার শহরে এনে সড়কের ওপরে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখযোগ্য এসব ঘটনা ছাড়াও গত বুধবার ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ও নামফলক ভাঙচুর করা হয়। যশোরে বঙ্গবন্ধুর ম্যুরাল-ভাস্কর্যসহ ৮ নামফলক ভাঙচুর করা হয়। চুয়াডাঙ্গায় বঙ্গন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়া হয়। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার প্রতিকৃতিতে শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নামফলক। সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাজার ভাঙচুর, মৌলভীবাজার শহরের শেখ মুজিবুর রহমানের পৃথক দুটি ম্যুরাল ভেঙে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়াও সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। ঝিনাইদহে বৃহস্পতিবার বিকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি বুলডোজার দিয়ে উপড়ে ফেলে শিক্ষার্থীরা। পটুয়াখালীতে বৃহস্পতিবার ভাঙা হয় বঙ্গবন্ধুর চারটি ম্যুরাল। বাগেরহাটের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ অফিস ভাঙচুর করে আগুন দেয় ছাত্র-জনতা। নড়াইলে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ৬টি স্থাপনা ভাঙচুর করা হয়। দিনাজপুরের খানসামায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এ ছাড়াও গত বুধবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়ি গুঁড়িয়ে দেয় ছাত্র-জনতা।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদকগণ]