লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে গুলি
শরীয়তপুর ও লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৭ পিএম
সংবাদ প্রকাশের জেরে সোমবার শরীয়তপুরে এক সাংবাদিককে হাতুড়িপেটা করা হয়েছে। একই দিন লক্ষ্মীপুরে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় ৪ সাংবাদিক আহত হয়েছেন। তাদের ওপর গুলিবর্ষণও করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে দুর্বৃত্তের হাতুড়ি পিটুনিতে দৈনিক সমকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন গুরুতর আহত হয়েছেন।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বেসরকারি টিভি নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশও আহত হন।
আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুজ্জামাল শেখ শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় একটি ক্লিনিকের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর প্যাথলজি পরীক্ষা ও মৃত্যুর ঘটনা নিয়ে কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়, যা নিয়ে নুরুজ্জামাল শেখের সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিকের বিরোধ তৈরি হয়। গত রবিবার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এ নিয়ে একটি সালিশ হয়। ওই সালিশের পর কয়েকজন সাংবাদিক নুরুজ্জামালকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার জেরে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে নুরুজ্জামাল ও তার লোকজন সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খানকে হাতুড়ি দিয়ে পেটান।
এ ঘটনার ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নুরুজ্জামান শেখের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
অপরদিকে লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিককে মুখোশধারী দুর্বৃত্তরা মারধর করেছে। একপর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদের লক্ষ্য করে ছররা গুলি করেছে বলে জানায় আহতরা।
সোমবার বিকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ।
আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ জন মুখোশধারী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। সাংবাদিকরা যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় গুলি করলে লক্ষ্যচ্যুত হয়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।