প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইমা আক্তারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইমা আক্তার ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ইমা আক্তারের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ভর্তির খরচ ও শিক্ষাসামগ্রী কেনার নগদ অর্থ সহায়তা দেন।
এ সময় ইমা আক্তার ও তার বাবা তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছাত্রনেতা শ্যামল মালুম বলেন, ‘ইমা ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত হওয়ার বিষয়টি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এমতাবস্থায় তার ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, ভাঙ্গা উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক প্রমুখ