মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলের জামিন না হওয়ার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রবিবার রাতে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. শুক্কুর মাহমুদের ছেলে পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জলিল মিয়াকে এক মাস আগে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গত রবিবার তার জামিন হওয়ার কথা ছিল। আদালতে জামিন মঞ্জুর না হওয়ার খবর শুনে তার মা রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
পরিবারের লোকজন জানায়, গত ৪ জানুয়ারি রাতে হোসেনপুর উপজেলার আদু মাস্টারের বাজারের নিজ দোকান থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের পুমদী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. জলিল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানার একটি বিস্ফোরক মামলায় অভিযুক্ত করে আদালতে সোপর্দ করে। এরই ধারাবাহিকতায় সে দীর্ঘ এক মাস ধরে কারাগারে বন্দি অবস্থায় আছে। ছেলের জামিনের প্রত্যাশায় সারা দিন অপেক্ষায় ছিলেন তার মা। কিন্তু ছেলের জামিন হয়নি শুনে রাতে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জলিলের পিতা শুক্কুর মাহমুদ জানান, ছেলের জামিন না-মঞ্জুরের খবর শুনে তার মা হার্ট অ্যাটাক করে মারা যান।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।