× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে বোমা ফাটিয়ে টেন্ডার বাক্স লুট

রাজশাহী অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ পিএম

রাজশাহীতে বোমা ফাটিয়ে টেন্ডার বাক্স লুট

রাজশাহীর পবা উপজেলার হাট-বাজারের খাজনা আদায়ের দরপত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষের মধ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে ছুরি মেরে আহত করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওদাপাড়ায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত শাকিলুর রহমান রন (৪২) নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বাংলা ১৪৩২ সালের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন।

হাটগুলোর দরপত্র দাখিল নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে তারা টেন্ডার বাক্স লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে দরপত্র বের করে নেয়।

খবর পেয়ে সেখানে পুলিশ যায়। তারা গিয়ে দেখতে পারে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট হয়েছে। সেখানে একাধিক হাতবোমা বিস্ফোরণের চিহ্নও দেখা গেছে।

আহত রনোর বড় ভাই সানোয়ার হোসেন সানু বলেন, রামচন্দ্রপুর হাট ইজারা নেওয়ার জন্য রনো টেন্ডার জমা দিতে যায়। এ সময় মুখোশধারী সন্ত্রাসীরা উপজেলা পরিষদ এলাকায় বোমা ও গুলি ফাটিয়ে ভীতি সৃষ্টি করে ঠিকাদারদের জমা দেওয়া ইজারার কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় রনোর পেটে ছুরিকাঘাত করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, দুপুর ১টার দিকে শাকিলুরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পবা উপজেলার ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পবা উপজেলার ১২টি হাটের ইজারার জন্য টেন্ডার জমা দেওয়া চলছিল উপজেলা পরিষদে। বেলা সাড়ে ১২টার পর একদল সন্ত্রাসী মুখোশ পরে টেন্ডার বাক্স ভেঙে কাগজপত্র লুট করে। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা