পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩১ পিএম
অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব। প্রবা ফটো
পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।’
এর আগে শনিবার বিকালে সুজানগর পৌর এলাকার মথুরাপুর উচ্চবিদ্যালয়ের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোরতোজা আলী খান জানান, আব্দুল ওহাবকে পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগির তাকে গ্রেপ্তার করা হবে। আসামি ছিনতাইয়ের সময় পুলিশের আট সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল ওহাব জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।
এদিকে পুলিশের ওপর হামলা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।