× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল

সাগরপাড়ে নাচ-গান আর সূর্যাস্তে মুগ্ধ বিদেশিরা

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩৪ পিএম

সাগরপাড়ে নাচ-গান আর সূর্যাস্তে মুগ্ধ বিদেশিরা

যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটিতে হওয়া ‘বার্নিং ম্যান’ উৎসবের আদলে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে নাচ-গানে জমজমাট এই উৎসবে মুগ্ধ ১১ দেশের পর্যটকরা। উৎসব ঘিরে জমকালো আয়োজন করা হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতের নিরিবিলি প্যাঁচার দ্বীপ সৈকতে বিকাল ৫টায় বালুচরে শুরু হয় সানসেট ও মুন ইটিং পার্টির আয়োজন। সেখানে তৈরি হয় ডিম আকৃতির মঞ্চ। মঞ্চে দাঁড়িয়ে বিদেশি শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে আনন্দ-উল্লাস করেন দেশি-বিদেশি পর্যটকরা। সূর্যাস্ত পর্যন্ত চলে নাচের আসর। একই সঙ্গে সৈকতের আকাশে উড়ানো হয় ঘুড়িও।

সৈকতে কথা হয় ২০১৭ সালে মিস বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী জেসিয়া ইসলামের সঙ্গে। তিনি বলেন, বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল কক্সবাজারে ভিন্নমাত্রা যোগ করেছে। এ ধরনের আয়োজন বিশ্বদরবারে উপস্থাপন করা খুবই প্রয়োজন। একপাশে পাহাড়ের সারি, অন্যপাশে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। এর মধ্যে সাগরতীরে বসে আন্তর্জাতিক মানের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উপভোগ করা সৌভাগ্যের ব্যাপার। পর্যটন শিল্পের বিকাশে এ রকম উৎসব আরও বেশি বেশি হওয়া উচিত।

সেখানে কথা হয় রাশিয়া থেকে আসা পর্যটক লিজিয়া লিংকা নামের এক তরুণের সঙ্গে। জীবনে প্রথমবার তিনি বাংলাদেশ ভ্রমণে এসেছেন। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের কথা শুনে তিনি ঢাকা থেকে কক্সবাজারের মারমেইডে ছুটে এসেছেন। তিনি জানান, বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল বেশ উপভোগ করছেন তিনি। নেচে-গেয়ে বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য ছিল দারুণ।

এদিকে সূর্যাস্তের পর নান্দনিকভাবে নির্মিত কাঁকড়াসদৃশ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে তিন পার্বত্য জেলাÑ বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা ম্রো, মারমা, ত্রিপুরা, চাকমা তরুণীরা পরিবেশন করেন ছাতানৃত্য ও বোতলনৃত্য। আর কক্সবাজারের রাখাইন তরুণীরা পরিবেশন করেন থালা নৃত্য। সাগরতীরে বসে আন্তর্জাতিক মানের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখে মুগ্ধ ভ্রমণপিপাসুরা।

সপরিবারে উৎসব উপভোগ করেন কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারের পর্যটন বিকাশে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখছে। বিদেশি পর্যটক টানতে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন আরও করা উচিত।

উৎসবে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, হাঙ্গেরিসহ ১১টি দেশের পর্যটকরা। সঙ্গে রয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক তরুণ-তরুণী। উৎসবে চলছে রকমারি খাবারের আয়োজন।

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক সামিহা আলম চৌধুরী বৃষ্টি বলেন, উৎসবে ১১টি দেশের ১১০ জন পর্যটকসহ অন্তত ৪০০ জন অংশ নিয়েছেন। সমুদ্রতীরে নিরিবিলি পরিবেশে আনন্দ-উল্লাস করতে পেরে সবাই খুশি। কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই আয়োজন। ৩১ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই উৎসব চলবে। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটির বার্নিং ম্যান প্রজেক্টের আদলে মারমেইড বিচ রিসোর্টের এই আয়োজন সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, নাচ-গানের পাশাপাশি ফায়ার শোসহ নানা অ্যাক্টিভিটি দর্শকদের মাতিয়ে তুলছে। রোমাঞ্চকর নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন অংশগ্রহণকারীরা। শিল্পকর্ম, স্থাপনা এবং সাংস্কৃতিক প্রদর্শনীর মধ্য দিয়েও নতুন এক অভিজ্ঞতা উপভোগ করছেন সবাই। উৎসবের কিউরেটর হিসেবে যুক্ত রয়েছেন খ্যাতিমান জাপানি ফেস্টিভ্যাল আর্কিটেক্ট এবং লাইটিং ডিজাইনার জিরো এন্দো।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘বার্নিং ম্যান’ উৎসব যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতিবছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা ও দর্শকেরা একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ এবং স্বাধীনতাÑ এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল সেই একই প্রেরণায় আয়োজিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা