রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম
নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাঙামাটিতে বৌদ্ধধর্মালম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তে'র ১৩ তম পরিনির্বাণ (মৃত্যু) বার্ষিকী পালিত হয়েছে। প্রবা ফটো
নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে বৌদ্ধধর্মালম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১৩তম পরিনির্বাণ (মৃত্যু) বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের যমচুগ বনাশ্রম ভাবনাকেন্দ্রে দিনটি উপলক্ষে বনভান্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, সংঘদানসহ নানাবিধ দান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। বিহারটির পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় গুণীজনদের দেওয়া হয় সম্মাননা স্মারক। এ অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে নানা বয়সী বৌদ্ধপূণ্যার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন মালতী চাকমা। এ সময় ধর্মীয় সভায় বক্তব্য রাখেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি পুর্ণচক্র চাকমা, সাবেক সভাপতি বিহারী চাকমা ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, বনভান্তে পরিনির্বাণ প্রাপ্ত হয়ে আমাদের মাঝে না থাকলেও তার যে নীতি আদর্শগুলো রেখে গেছেন সেগুলো যথাযথভাবে লালন পালন ও ধারণ করলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে। বনভান্তে শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে এ নামটি সুপরিচিতি লাভ করেছে।
পরে বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে বৌদ্ধ পূর্ণার্থীদের ধর্মীয় দেশনা দেন দীঘিনালা বন বিহারের অধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবির ও ধুতাঙ্গটিলা বন বিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির।

বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোরঘানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে পরিনির্বাণ (মৃত্যুবরণ) করেন। তখন থেকে তার মরদেহটি রাঙামাটি রাজবন বিহারে বিশেষ কফিনের মাধ্যমে বৌদ্ধপূণার্থীদের দর্শনের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।