ফেনী-চট্টগ্রামে মানববন্ধন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৪ পিএম
চট্টগ্রামে ফল ব্যবসায়ীরা মানববন্ধন করেন। প্রবা ফটো
ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম এবং ফেনীর ফল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের মহিপাল ফল আড়ত এবং চট্টগ্রাম নগরীর রেলওয়ে মেনস ক্লাবস্থ ফলমন্ডির সামনে মানববন্ধন করে ফল ব্যবসায়ীরা এই দাবি জানান। দাবি মেনে না নিলে ফল খালাস বন্ধের হুশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে ফেনী ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফারুক চৌধুরী বলেন, সম্পূরক শুল্কের কারণে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না, প্রতি চালানে ‘আর্থিক লোকসানে’ পড়তে হচ্ছে। বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল, এখন ৩-৪ দিনেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাই সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে আমদানিকৃত তাজা ফলের ব্যবসা চালানো সম্ভব হবে না।
ফেনীতে ফল ব্যবসায়ীরা মানববন্ধন করেন। প্রবা ফটো
চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান এবং ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ করে দেওয়া হবে।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম।
৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুকনো ও টাটকা ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করেছে। আপেল, আঙুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে।
প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছেন ফেনী প্রতিবেদক ও চট্টগ্রাম অফিস।