সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:০৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ব সম্প্রীতির বাংলাদেশÑ এই প্রতিপাদ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা, মনিপুরি নৃত্য, পটগান, নাটক, লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় যুব উৎসব অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে, রূপান্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ১২ উপজেলা থেকে সাড়ে ৩০০ যুব ফোরামের সদস্য অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
এ সময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ফিরে আসে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ যুব উন্নয়নের উপপরিচালক শাহ নুর আলম, সুনামগঞ্জ নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি সঞ্চিতা চৌধুরী, রূপান্তরের পরিচালক মিজানুর রহমান পান্না, আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী।
এ সময় বক্তারা বলেন, জাতীয় যুবনীতি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে যুবসমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এসব মানুষের কাছে সরকারি, বেসরকারি সব সুযোগ-সুবিধা পৌঁছে দিতে হবে। আদিবাসীদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। সততা ও দেশপ্রেম ধারণ করে ধর্ম-বর্ণ-জাতিগত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মানুষকে সচেতন করবে যুবরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, সুনামগঞ্জ নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক মুনমুন চৌধুরী, দিলারা বেগম, সদস্য রমেন্দ্র কুমার দে, এন্ডু সলেমার, সুবিমল চক্রবর্তী, অ্যাডভোকেট মতিয়া বেগম, জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য প্রমুখ।