ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:০৬ পিএম
আসামি ফারুক হোসেন বাকু।
ফরিদপুরের সদরপুর থানা পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আসামি ফারুক হোসেন বাকু আটরশি এলাকার সাড়ে সাতরশি গ্রামের মৃত মানিক মল্লিকের ছেলে।
সদরপুর থানা পুলিশ জানায়, ফারুক হোসেন বাকু পার্শ্ববর্তী ভাঙ্গা থানার কয়েকজন দুর্বৃত্তকারী সঙ্গে নিয়ে সদরপুর থানার বিভিন্ন গ্রামে প্রতিনিয়ত মহড়া দিয়ে আসছিল। এলাকার শান্তি-শৃঙ্খলার স্বার্থে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বাকুকে আটকের পর স্থানীয় বিএনপির নেতা বাহালুল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাকে মুক্ত করতে থানায় ছুটে আসেন। রাত সাড়ে ৭টার দিকে আটককৃত বাকু অসুস্থতার কথা জানালে বিএনপির নেতা বাহালুল মাদবর তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করেন। রাত ৮টার দিকে থানার এসআই হাদীউজ্জামান ও একজন কনস্টেবলের সঙ্গে বাকুকে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাইদুল হাসান শাওন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। হাসপাতাল থেকে বের হলেই বাকুর লোকজন পুলিশের হাত থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়।
এসআই হাদীউজ্জামান বলেন, বিশ-পঁচিশজন লোক আমাদের কাছ থেকে বাকুকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।
সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর জানান, বাকুর ব্যাপারে আমি কিছুই জানি না। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সদরপুর থানার ওসি মোতালেব হোসেন জানান, আটকৃত বাকুকে পুলিশের কাছ থেকে যারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাকুকে আটকে অভিযান চলছে।