সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম
জাহিদ মোল্লা।
বাড়ি নির্মাণের কাজে চাঁদা দাবি করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাড়ির মালিক উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি ওসমান আলী গত ২১ জানুয়ারি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আদালত থেকে আদেশের কপি আসেনি। আদেশের কপি এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ওসমান আলী বলেন, খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি পূর্বপাড়ায় বসতবাড়িতে সম্প্রতি একটি টিনের ঘরের পাকা দেয়াল নির্মাণ শুরু করেছি। এ অবস্থায় প্রতিহিংসাবশত ১ জানুয়ারি সকালে প্রতিবেশী জাহিদ মোল্লা ২০-২৫ জন লোক সঙ্গে নিয়ে এসে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি জোরপূর্বক তিনটি সাদা স্ট্যাম্পে সই নেন এবং টাকা পরিশোধ না করা পর্যন্ত দেয়াল নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। অমান্য করলে মারধর ও প্রাণনাশের হুমকিও দেন তিনি। এ অবস্থায় আদালতে পিটিশন মামলা করেছি। এটি জানার পর জাহিদ মোল্লা আরও ক্রোধান্বিত হয়ে পড়েছেন।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই অন্যত্র রয়েছি। নিজের বাড়িতে যেতে পারছি না। পরিবারের লোকজন আতঙ্ক ও উদ্বেগে সময় পার করছে। প্রায় ১ মাস যাবত নির্মাণকাজ বন্ধ। ফলে নির্মাণ সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। বাদীর আইনজীবী ফরিদ আলম আলমগীর বলেন, এ বিষয়ে চৌহালী আমলী আদালতে পিটিশন মামলা করা হয়েছে। মামলায় জাহিদ মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আদালত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, ওসমান আলী আদালতে মিথ্যা মামলা করে বাড়ি ছেড়ে এখন গাজীপুরে রয়েছেন। আমি ওর কাছে কিসের চাঁদা চাইব। ওসমান নিজেই ১০০ থেকে ২০০ টাকা চাঁদা তুলে খায়। মিথ্যা মামলা করায় এলাকার অনেকেই ক্ষেপে আছেন। সে বাড়িতে এলেই ধরা হবে।