সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩ পিএম
রায় ঘোষণা শেষে ট্রাকচালক সোহেল রানাকে কারাগারে নেওয়া হচ্ছে। প্রবা ফটো
সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের দায়ে চালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ট্রাকচালক সোহেল রানার বাড়ি বগুড়ার সদর উপজেলার আশুখোলা গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি গাজীপুরের চন্দ্রা থেকে ওই তরুণীসহ দুইজন পুরুষ যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং সহকারী ওহাব শেখ ট্রাকযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় যমুনা সেতু পশ্চিম পার হয়ে ট্রাক নষ্ট হওয়ার কথা বলে দুই পুরুষ যাত্রীকে নামিয়ে দেন তারা। এরপর চালক ওই তরুণীকে ধর্ষণ করেন। এসময় তরুণী চিৎকার করলে ট্রাক থেকে নামিয়ে দেওয়া পুরুষ যাত্রী ঘটনাটি টের পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। পরে পুলিশ বগুড়ার কড্ডার মোড় নামক স্থান থেকে ট্রাকের চালক ও সহকারীকে আটক করে ওই তরুণীকে উদ্ধার করে।
আইনজীবী বলেন, এ ঘটনায় ওই তরুণীর বাবা মো. আলতাফ হোসেন খান একটি মামলা করেন। মামলার পর ট্রাক চালক সোহেল রানা নিজের দোষ স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা দেন। ২০২৩ সালের ১২ মে আসাসি ওহাব কারাগারে মৃত্যুবরণ করেন।