টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৩৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৫৯ পিএম
পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে সারোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রবা ফটো
গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে সারোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগার নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সারোয়ার হোসেন গাইবান্ধার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত সারোয়ার পাগাড় এলাকার সোহেলের মেসে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। কিছুদিন আগে তার বন্ধু ওমর ফারুককে ধার হিসেবে এক হাজার টাকা দেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও সারোয়ারের টাকা ফেরত দিচ্ছিল না ওমর। পরে বুধবার রাত ৯টার দিকে মেসের পাশে ওমরের কাছে টাকা চাইতে যান সরোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে ওমর ধারাল ছুরি দিয়ে সারোয়ারের বুকে, পেটে ও হাতে আঘাত করে গুরতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ আহসান উল্লাহ হাসপাতালের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই সারোয়ারের মৃত্যু হয়। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহত সরোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।