মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১২:২১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:০৪ পিএম
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় মেহেরপুর জেলা কারাগার থেকে ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং মেহেরপুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর আবু সালে মো. নাসিম। তিনি বলেন, আদালতে দুটি মামলায় সাত দিনের রিমান্ড চাইলে তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে দুই দিনের জেল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। আদালতে আসামিপক্ষের আইজিবি ছিলেন ইব্রাহিম শাহীন।
৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম একটি মামলা করেছিলেন। ওই মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপনে থাকেন ফরহাদ হোসেন। ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানীতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।