অমর ডি কস্তা, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১০:৪০ এএম
ছুটিতে বাড়ি ফিরে বড়াইগ্রামের মেরিগাছা বাজারে ডিম বিক্রি করছেন টুম্পা। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১)। শীতকালীন ছুটি পেয়ে পরিবারের কাছে নাটোরের বড়াইগ্রামের নিজ গ্রামে ফিরেছেন টুম্পা। ১৫ দিনের ছুটিতে বাড়ি ফিরেও বসে নেই তিনি। বড়াইগ্রামের মেরিগাছা বাজারে বাবার সঙ্গে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন সিদ্ধ ও কাঁচা ডিম। সৎ উপার্জনের মাধ্যমে নিজের পড়াশোনার খরচ চালানোর তার এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। বাজারে বসে ডিম বিক্রির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। টুম্পা উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামের ভ্যানচালক আব্দুর রাহিমের মেয়ে।
গত মঙ্গলবার সন্ধ্যায় মেরিগাছা বাজারে গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে খড়ির চুলোতে শতাধিক ডিম সিদ্ধ হচ্ছে। পাশে প্লাস্টিকের টুলে বসে, টুম্পা ডিমের খোসা ছাড়াচ্ছেন এবং পরবর্তীতে লবণ-ঝাল ছড়িয়ে খদ্দেরদের হাতে তুলে দিচ্ছেন। দুই দিনে তিনি ১ হাজার ৪৭০ টাকা আয় করেছেন।
টুম্পা জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ চালানো তার পরিবারের জন্য কষ্টসাধ্য, কিন্তু তিনি থামতে চান না। স্বপ্ন দেখেন বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডার হয়ে দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর। সমাজের কিছু মানুষের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও তিনি নিজের উদ্যোগ নিয়ে গর্বিত এবং মনে করেন, সৎপথে আয় করাই সবচেয়ে বড় মর্যাদা। তার বাবা আব্দুর রাহিম মেয়ের এই সংগ্রামের প্রশংসা করে বলেন, টুম্পা নিজের চেষ্টায় খরচ চালিয়ে নিচ্ছে, যাতে আমাকে বাড়তি চাপ নিতে না হয়।
টুম্পার এই সংগ্রামী মনোভাবের প্রশংসা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, তার লেখাপড়া ও পরিবারের প্রতি সব সময়ই সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ছিল ও থাকবে।