কাপাসিয়া
শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজের পরদিন বালুর স্তূপ থেকে সাফায়াত সাজিদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) ভোরে কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামের কুইশা খাল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামের নানাবাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি। সে দস্যুনারায়ণপুর গ্রামের সৌদি প্রবাসী সোহাগ মিয়ার ছেলে এবং কাপাসিয়ার বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমিতে নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
সাজিদের নানা মজিবুর রহমান বলেন, ৫-৬ দিন আগে নাতি সাফায়াত সাজিদকে নিয়ে মেয়ে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে থেকে সাজিদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার মাকে নিয়ে নদীর পার দিয়ে খুঁজতে বের হই। ফেরার পথে নানা বাড়ির পাশে বালুর স্তূপের পাশের জঙ্গলে বাজারের ব্যাগে নাতি সাফায়াত সাজিদের মরদেহ দেখতে পাই।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুইশা খাল এলাকায় খাল সাজিদের নানাবাড়ির পাশে প্লাস্টিকের ব্যাগে কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে সাজিদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। শিশুটির শরীরের কিছু অংশ ওই ব্যাগে ভরা ছিল এবং তার গলায় প্লাস্টিকের দড়ি বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।