প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২২:০৯ পিএম
প্রতীকী ছবি
বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে আহত মিজানুর রহমান (৪০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় ৪০ দিন পর সোমবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পেশায় ব্যবসায়ী
মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়িয়ার সবির উদ্দিনের ছেলে। এক ছেলে ও দুই মেয়ের জনক
তিনি। মঙ্গলবার দুপুরের দিকে ঢামেক মর্গে অপেক্ষমাণ নিহতের ভগ্নিপতি মোছাদ্দেকুল
হক বলেন, গত ১৭ ডিসেম্বর গ্রাম থেকে জোড় ইজতেমায় অংশ নেওয়ার জন্য টঙ্গী মাঠে এসেছিলেন
মিজানুর। রাতে ইজতেমা মাঠে সংঘর্ষে আহত হন তিনি। মুসল্লিরা তাকে রাতেই টঙ্গীর আহসান
উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরদিন ঢামেক হাসপাতালে নিয়ে আইসিইউতে
ভর্তি করা হয় তাকে। ঘটনার দুদিন পর স্বজনরা খোঁজ পেয়ে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
শাহবাগ থানার
এসআই আশরাফ আলী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, মৃত্যুর
সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি
প্রক্রিয়া চলমান।