যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম
মঙ্গলবার দুপুরে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রবা ফটো
যশোরের মনিরামপুর ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন ও মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন। আহতেরা হলেন- নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন ও তার এক বছর বয়সি মেয়ে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরগামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মোসলেম নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ভ্যানের যাত্রী রুপা বেগমকে মৃত্যু ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফউদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর পর রুপা নামে অপর এক গৃহবধূ মারা যায়।’
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় দুইটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।’