শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গ-সংঠনের নেতাকর্মীদের উপর হামলা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাদেরকে বহিষ্কার করা হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহকে বহিষ্কার করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার বলেন, ‘অভিযুক্ত এই দুই নেতা সোমবার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজারে বিএনপি ও এর সহযোগী সংঠনের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের এসব কার্যক্রমে দলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে দলে ঐক্য বিনষ্ট হয় এবং ভাবমুর্তি ক্ষুন্ন হয়। যা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে ইউনিয়ন বিএনপির পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
জানা যায়, গাজীপুরের শ্রীপুরে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় উপজেলার নয়নপুর (ধনুয়া) রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য ঘিরে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটে। এ ঘটনায় চারজন আহত হন এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, গাজীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল
পালোয়ান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক মিজানুর
রহমান ফকির এবং যুবদলের সদস্য আমিনুল ইসলাম। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছেন।