কক্সবাজার অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম
দুই বছর আগে চট্টগ্রাম থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন শরীফ স্বজনের কাছে ফিরেছেন। কক্সবাজারের টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগী তহবিল-মারোত এর নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
মারোতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানবিক দায়বোধ থেকে মারোতের স্বেচ্ছাসেবী সেবা কার্যক্রম চালাচ্ছেন। মূলত পরিবার থেকে বিচ্ছিন্ন ও নিখোঁজ হয়ে টেকনাফে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীন লোকজনকে খাবার সরবরাহ, চিকিৎসা ও সেবা প্রদানের তৎপরতা চালাচ্ছেন। যারা সুস্থ হয়ে নাম পরিচয় বলতে পারেন তাদের স্বজনদের কাছে ফেরত পাঠানো হয়। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪৮জন কে পরিবারের কাছে হস্তান্তর করেছে এই সংগঠন।মানসিক ভারসাম্যহীন শরীফকে নিয়মিত একই জায়গায় দেখতে পেয়ে একদিন কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ কামাল। কিন্তু শরীফ ছিলেন ভাব লেশহীন। প্রথমদিকে কামালের সঙ্গে কোনো কথাই বলতেন না। এভাবে প্রায় প্রতিদিনই আলাপের চেষ্টা চালিয়ে যান তিনি। শরীফকে খাবার খাওয়ানোর পাশাপাশি কিছুটা পরিচর্যাও করেন মানবিক কামাল । বেশ কিছুদিন চেষ্টার পর শরীফের সঙ্গে ভাব জমে কামালের। এতে প্রায় বছর খানেক চেষ্টার শরীফের কাছ থেকে বাড়ির ঠিকানা জানতে পারেন। তিনি ব্যক্তি উদ্যোগে শরীফকে বাড়ি পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্বেচ্ছাসেবী সংগঠন মারোতের সহায়তায় শরীফের স্বজনদের সন্ধান পান।
মানসিক ভারসাম্যহীন শরীফের খোঁজ পেয়ে বাড়ি নিয়ে যেতে টেকনাফ আসেন ভগ্নিপতি মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘ দুই বছর ধরে নিখোঁজ শ্যালকের অবশেষে সন্ধান পেয়ে দারুণ খুশি তিনি। আর মানবিক কাজের জন্য মারোতের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনরা।