যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯ পিএম
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যশোরের যাত্রীরা। প্রবা ফটো
বাংলাদেশ রেলওয়ের রানিং কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন বন্ধ থাকায় সারা দেশের মতো ভোগান্তিতে পড়েছেন যশোরের যাত্রীরাও।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে যশোর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন বন্ধ থাকায় স্টেশনে আসা যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকেই ভ্রমণের শিডিউল বাতিল করে বাড়ি ফিরে যাচ্ছেন।
হোসেন আলী নামে এক যাত্রী বলেন, ‘আজ বেলা ১টার দিকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার কথা ছিল। ট্রেনের টিকিটও কেটেছিলাম। কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে যেতে পারলাম না। টিকিটের টাকাও ফেরত পেলাম না। স্টেশনে এসে জানতে পারি রেলের কর্মচারীরা আন্দোলন করছে। যে কারণে ট্রেন বন্ধ রয়েছে। তাই আমি বাসে করে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আব্দুর রহিম নামে আরেক যাত্রী বলেন, ‘রাজশাহীতে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় বাসায় ফিরে যাচ্ছি।’
যশোর রেল স্টেশনমাস্টার আইনাল হোসাইন বলেন, ‘রেলের কর্মচারীদের আন্দোলনের ফলে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।’