পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৩:১৭ পিএম
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে মঙ্গলবার সারা দেশের মতো পঞ্চগড়েও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো
পঞ্চগড়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই সারা দেশের মতো মঙ্গলবার (২৮ জানুয়ারি) পঞ্চগড়েও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মূলত মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে পঞ্চগড়সহ সারাদেশের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
মঙ্গলবার সকালে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস, ঢাকাগামী দ্রুতযান ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন তিনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে স্টেশন এসে ট্রেন বন্ধের বিষয়টি জানতে পেরেছেন। পরে বিকল্প পথে গন্তব্যে যাবার উপায় খুঁজেন তারা।
তবে যাত্রীদের অভিযোগ ট্রেন বন্ধ থাকার বিষয়টি তারা আগে থেকে জানতেন না।
এদিকে, রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ভোরে ও ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টার পরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।
এ বিষয়ে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রী মুশফিকুর রহমান বলেন, ‘আমি পরিবার নিয়ে রাজশাহী যাওয়ার জন্য স্টেশনে আসছি। এখানে এসে শুনছি ট্রেনের লোকজনের নাকি কর্মবিরতি চলছে। আমি তো আগে থেকে জানিনা। আগে থেকে আমাদের জানালে ভালো হতো। এখন ট্রেনের টিকিটের টাকা ফেরত পাব কি না তাও জানিনা।’
একই ট্রেনের দিনাজপুরগামী যাত্রী আইনুল হক বলেন, ‘জরুরি কাজে দিনাজপুর যাওয়ার জন্য স্টেশনে এলাম। এখানে এসে শুনি ট্রেন বন্ধ। এখনতো বাসে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মতো অনেকে ঘুরে চলে যাচ্ছেন স্টেশন থেকে।’
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, ‘রেলওয়ের রানিং স্টাফদের ডাকে কর্মবিরতি চলছে। পঞ্চগড় থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে দ্রুতযান ও বাংলাবান্ধা নামের দুইটি ট্রেন পঞ্চগড়ে এসেছে। যাত্রীদের টিকিটের টাকা রেলওয়ের নিয়ম অনুযায়ী তারা ফেরত পাবেন।’