ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ০৯:৩৬ এএম
ছবি : ভিডিও থেকে নেওয়া
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালায় তারা।
সূত্র মতে, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজশাহীতে সোমবার রাত সাড়ে ১১টার পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেন। এর পর আর কোনো ট্রেন ছাড়েনি। সকালে ৭টায় বনলতা ও ৭টা ৪০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকাগামী ট্রেন দুটি না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় স্টেশনে ভাঙচুর চালান হয়। এ সময় তারা যাত্রীদের বসার একাধিক চেয়ার ভাঙচুর করেন।
এ বিষয়ে কথা বলতে রাজশাহীর স্টেশন ম্যানেজারের মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে রানিং স্টাফদের কর্ম বিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনলাইনের টিকেট অনলাইনে এবং কাউন্টারে টিকিট কাউন্টারে ফেরত নেওয়া হচ্ছে।