× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবির ‘মারধরে’ মৃত্যুর অভিযোগেও অপমৃত্যুর মামলা, তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

ডিবির ‘মারধরে’ মৃত্যুর অভিযোগেও অপমৃত্যুর মামলা, তদন্ত কমিটি

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ‘মারধরে’ মিলন ব্যাপারী নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর পাশে গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই নওশের আলীসহ ৮ জনের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মিলন ব্যাপারী নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অভিযান চালানোর সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে মারধর করেন এবং তার মৃত্যু হয়।

মিলন ব্যাপারী পশ্চিম নাওডোবা এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে। পদ্মা সেতুর রেলের ভায়াডাক্টের ৪৮ নম্বর পিয়ারের পাশে তার বসতবাড়ি। সেখানেই একটি ছোট মুদি দোকানের ব্যবসা করতেন তিনি।

এ ঘটনায় রবিবার (২৭ জানুয়ারি) রবিবার সন্ধ্যায় মৃত মিলন ব্যাপারীর ছেলে আল-আমীন একটি অপমৃত্যুর মামলা করেন।

এর আগে বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলামকে প্রধান করে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক রয়েছেন কমিটিতে।

মৃত মিলন ব্যাপারীর ছেলে আল আমীন বলেন, ‘আমাদের সামনেই ডিবি পুলিশের সদস্যরা বাবাকে মারধর করেছেন। তাদের মারধরের কারণে বাবা অসুস্থ হয়ে মারা যান। এ বিষয়ে আমরা পদ্মা সেতু দক্ষিণ থানায় অভিযোগ করেছি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একটি অপমৃত্যু মামলা করতে বলেছিল। তাই আমি একটি অপমৃত্যুর মামলা করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আমরা আদালতের দারস্থ হব।’

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবিদুল ইসলাম বলেন, ‘এক মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় তার এক আত্মীয় ডিবি পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি আগে থেকেই হৃদরোগ ও হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন। ওই কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন। তারপরও পুলিশের কোনো সদস্যের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও কমিটির তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে, ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে। এরপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা