মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
নিহত সুশান্ত কুমার সাহা।
ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে একজন নিহত এবং প্রায় ১৬ জন আহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলার মাঠ এলাকায় মৌমাছির চাক কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়।
বাজপাখি বা অন্য কোনো পাখি হামলা করায় মৌমাছি রাস্তায় চলাচলরতদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ১৭ জন গুরুতর আহত হয়। সবাইকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি পশ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল সাহার ছেলে সুশান্ত কুমার সাহা (৩৮)। গুরুতর আহতরা হলেনÑ একই এলাকার দেবেশ চন্দ্র দাশের ছেলে শান্ত দাস এবং নান্নুর ছেলে মহসিন। তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৪ জন সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
মৌমাছির কামড়ে আহত রাম কমল সাহা জানান, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে কিছু মৌমাছি উড়ে এসে আমাকে কামড়াতে থাকে। আমি বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালাই। এরপর মধুখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে চিকিৎসা নিতে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার বলেন, ‘মৌমাছির কামড়ে আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একজন হাসপাতালে আনার আগেই মারা যায়। আশঙ্কাজনক দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে।’