নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:২৪ পিএম
প্রবা ফটো
লিখিত কোন ধরনের নোটিশ না দিয়েই শুধুমাত্র মৌখিক নির্দেশে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে তিন দফা দাবিসহ নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন সদ্য চাকরিচ্যুত শ্রমিকরা।
রবিবার সকাল ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন
সংগঠনের ব্যানারে নগর ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার
দিকে নগর ভবন ঘেরাও করেন তারা।
বিক্ষোভের সময় তারা সিটি করপোরেশনের দুটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
এতে বিসিসির কোন কর্মকর্তা আসা-যাওয়া করতে পারছেন না। আবার বাইরে থেকে কেউ
সেবা নিতে নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। এ বিক্ষোভে নগর ভবনের সামনের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের লিখিত
নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আন্দোলনরত
শ্রমিকরা বলছেন তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
শ্রমিকদের তিন দফা দাবিগুলো হলো- বরিশাল সিটি কর্পোরেশন থেকে ছাঁটাইকৃত
(ষাটোর্দ্ধ) ১৬০ জন শ্রমিককে চাকুরিতে পুনর্বহাল করা। কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে
না, বরিশাল সিটি করপোরেশনের কর্মরত সকল শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা। সবাইকে
পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক এবং বেতন বৈষম্য নিরসন করা। প্রাপ্য সকল ভাতা পরিশোধ
করা।
বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই তাদেরকে ছাঁটাই করা হয়েছে। আন্দোলনকারীদের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। তাদের বলা হয়েছে, লিখিত অভিযোগ দিতে। সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কোনো কিছু জানাননি।