আরব আমিরাতের শারজা বিমান বন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভেতর অভিযান চালিয়ে থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা সংস্থা শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এসব মোবাইল ফোন পাওয়া যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদ থাকায় শারজা থেকে আসা বিমানটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিমানের ভেতর পাওয়া একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ খুলে তাতে থেকে ৯৫টি মোবাইল ফোন (স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোন ৪৯টি এবং নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ৪৬টি) উদ্ধার পাওয়া যায়।
উদ্ধারকৃত পণ্যসামগ্রী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। ব্যাগটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
তিনি আরও জানান, উদ্ধার করা ৯৫টি মোবাইল ফোনের বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ৪৯টি স্মার্ট ফোনে বাজারমূল্য (প্রতিটি ৩৫ হাজার টাকা করে) ১৭ লাখ ১৫ হাজার টাকা। ৪৬টি বাটন ফোনের বাজারমূল্য (২ হাজার ৫০০ হাজার টাকা করে) ১ লাখ ১৫ হাজার টাকা।