চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নির্বাচন
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২৩:১৩ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ০০:০৮ এএম
(বাম থেকে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ এবং সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া। প্রবা ফটো
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক। নির্বাচনে ২৩০ ভোট পেয়ে রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং ১৯৫ ভোট পেয়ে সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার নির্বাচনে ৪৪২ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক স ম ইব্রাহিম, সহ-সভাপতি পদে কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।