মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২১:০৫ পিএম
মাদারীপুরে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে পাকদি নবীন যুবসংঘের উদ্যোগে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাকদী নবীন যুবসংঘের সভাপতি সাইদুল হক ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা হাবিব উল্লাহ খান।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, পাকদি নবীন যুবসংঘকে ধন্যবাদ জানাই। তারা আমাদের বিভিন্ন রকমের শিক্ষা উপকরণ দিয়ে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমাদের পড়াশোনা এগিয়ে যেতে সাহায্য করবে।
এই আয়োজনটিতে অর্থায়ন করে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সাব্বির হক ফরাজী, উপদেষ্টা সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ জেলার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।