× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক টাকার বাজার হতদরিদ্রদের জন্য

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:০৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম

এক টাকার বাজার হতদরিদ্রদের জন্য

অসচ্ছল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে এক টাকায় বাজার ব্যবস্থার। সেনাবাহিনীর সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে এক টাকার বাজারের প্রতিপাদ্য ছিল এক টাকায় হাসি, এক টাকায় আশাÑ এই আমাদের প্রতিশ্রুতি।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাজার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এক টাকার বাজারের উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজারে প্রতিটি পণ্য বিক্রি করা হয় মাত্র এক টাকায়। চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছসহ সাত রকমের পণ্য ক্রেতারা কিনতে পারেন। সদর উপজেলার প্রত্যন্ত এলাকার মোট ৬০০ পরিবার এই সুবিধা পায়। 

রুখই চৌধুরীপাড়া থেকে আসা মাহফুজা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম বেশি। আজ এক টাকায় অনেকগুলো পণ্য কিনতে পেরেছি।’ রুইবাই মারমা বরো বলেন, ‘মনে হচ্ছে যেন ঘুমের মধ্যে এক টাকার বাজারের স্বপ্ন দেখছি। সবকিছুই স্বপ্নের মতো লাগছে।’ 

যুব রেড ক্রিসেন্টের সদস্য আফরোজা আক্তার বলেন, ‘মূলত দরিদ্র অসহায় মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই এই বাজারের আয়োজন করা হয়েছে। এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে গর্ববোধ করছি।’ আরেক স্বেচ্ছাসেবক বলেন, ‘এক টাকায় বাজার কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে ভালোই লাগছে।’ স্বেচ্ছাসেবক মোবারক হোসেন বলেন, ‘আমরা সমতল থেকে পাহাড়Ñ সবখানে খেটে খাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’ 

এক টাকার বাজারের আয়োজক কমিটির আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের পছন্দমতো নামমাত্র মূল্যে বাজার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও মজবুত করার জন্য আজকের এই এক টাকার বাজারের উদ্যোগ নিয়েছি। 

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘এক টাকার বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে জিনিসপত্র কেনার ব্যবস্থা করা। আজকের এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 

এক টাকার বাজার উদ্বোধনকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারজানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সদর জোনের উপঅধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা